
দীর্ঘ সময় আকাশপথ আংশিক বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী শনিবার থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে দেশটির আকাশসীমা কার্যত বন্ধ হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে তখন আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা হয় এবং বিমানবন্দরটি শুধুমাত্র কার্গো পরিবহনের জন্য সীমিতভাবে ব্যবহার করা হচ্ছিল।
বর্তমানে মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ধাপে ধাপে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান কর্তৃপক্ষ। এ বিষয়ে ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী রামিন কাশেফ আজর জানিয়েছেন, প্রাথমিকভাবে ইস্তাম্বুল এবং মাসকাট রুটে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও জানান, বিমানবন্দরের সকল অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং নেভিগেশন সিস্টেম সম্পূর্ণভাবে সচল রয়েছে। যুদ্ধের সময় অনেক বিদেশি এয়ারলাইন তাদের উড়োজাহাজ সরিয়ে নিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।
এদিকে দেশীয় পর্যায়ে সেবা পুনরায় শুরু করেছে ইরান এয়ার। গত ২২ এপ্রিল থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালুর মাধ্যমে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন শুরু হয়েছে। পাশাপাশি ২৫ ও ২৬ এপ্রিল আরও কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর এই উদ্যোগ ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।