
আইসিসি-এর আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। ম্যাচে লেভেল-১ অপরাধের জন্য দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত বুধবার রাজশাহীতে, যেখানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেন। তিনি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করার পর প্যাভিলিয়নে ফেরার ইশারা দেন। বল হাতে তিনি ৭.২ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন।
অন্যদিকে শারমিন সুলতানা আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেন। তিনি এলবিডব্লিউ হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং দেরিতে মাঠ ছাড়েন। ব্যাট হাতে তিনি ৩৯ বলে ২৫ রান করেন।
এই অভিযোগ উত্থাপন করেন ম্যাচের অনফিল্ড আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির।
শাস্তির অংশ হিসেবে দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আইসিসি জানায়, গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কঠোর শাস্তি দেওয়া হয়নি।
উভয় ক্রিকেটার নিজেদের ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা পর্যন্ত শাস্তি হতে পারে, সঙ্গে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়।
উল্লেখ্য, এই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ।