
ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক ভিন্ন রাজনৈতিক পরিচয়ের পরিবার। জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের এক নেত্রীর মেয়ে এবার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নাদিয়া পাঠান পাপন। তিনি বিজয়নগর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম ৩২ নম্বরে রয়েছে।
নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে। তার রাজনৈতিক পরিচয়কে ঘিরে আলোচনা আরও তীব্র হয়েছে কারণ তার মা সৈয়দা নাখলু আক্তার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দা নাখলু আক্তার একসময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর কৃষক লীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে এ বিষয়ে সৈয়দা নাখলু আক্তার দাবি করেন, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক পদে নেই এবং মেয়ের মনোনয়নের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মৃধা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তিনি এখনো মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন।
এদিকে নাদিয়া পাঠান পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার রাজনৈতিক অবস্থান ও পারিবারিক প্রেক্ষাপট নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।