
পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে আবারও সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (২৬ এপ্রিল) পরিচালিত এই অভিযানে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালানো হলে অন্তত তিনজন নিহত হন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, লক্ষ্যবস্তু নৌযানটি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ দ্বারা পরিচালিত হচ্ছিল এবং এটি পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের একাধিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, এসব অভিযানে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১৮৫-এ পৌঁছেছে।
তবে এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, অভিযানে লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের সুস্পষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে এমন ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল না।
অন্যদিকে সাউথকম জানিয়েছে, সর্বশেষ অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য আহত হননি।
এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও এর আইনি বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তীব্র হয়ে উঠেছে