
ফরিদপুর সদর উপজেলায় আলোচিত তিন হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজন আকাশ মোল্লা (২৮)কে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার ভোররাতে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আকাশ ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, আটককালে অভিযুক্তের আচরণ ছিল অসংলগ্ন। এ কারণে তার মানসিক স্বাস্থ্য বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ হঠাৎ একটি কোদাল নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এছাড়া গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫)।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। পাশাপাশি অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আকাশ মোল্লাকে আদালতে সোপর্দ করা হবে।