
নারী সংরক্ষিত আসনের নির্বাচনে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, এবারের নির্বাচনে জোটভিত্তিক সমঝোতার কারণে অনেক আসনে একাধিক প্রার্থী নেই। ফলে অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ১৯ মিনিট দেরিতে জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজনসহ মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন গ্রহণের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলেও এখনো রায়ের কপি হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আপিলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবারের নারী আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।