
রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘বোমা বিদ্যুৎ’ নামে পরিচিত কুখ্যাত আসামি বিদ্যুৎ মাতবর (৩৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতার বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার বাসিন্দা এবং আক্কাস মাতবরের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের আওতায় মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার তথ্য অনুযায়ী, ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা এবং শরীয়তপুরের জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
র্যাব জানায়, একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও বিদ্যুৎ মাতবর দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-৩ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বর্তমানে গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।