প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ ৩ মে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যপ্রবাহের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।” এই প্রতিপাদ্যের মাধ্যমে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের সাংবাদিক সমাজ পেশাগত অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
ইতিহাস বলছে, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে এ দিবস পালনের সুপারিশ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।
দিবসটির মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহত করা এবং পেশাগত দায়িত্ব পালনে প্রাণ উৎসর্গ করা সাংবাদিকদের স্মরণ করা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা মূল্যায়ন এবং এর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য, যা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com