
মধ্যপ্রাচ্যের কৌশলগত সামুদ্রিক এলাকায় আবারও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। ইরান উপকূলের কাছাকাছি একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক শহর থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ১৮ কিলোমিটার) পশ্চিমে একাধিক ছোট নৌযান থেকে আক্রমণের মুখে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট ধরন এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সামুদ্রিক কর্তৃপক্ষ।
স্বস্তির বিষয় হলো, হামলার পরও জাহাজে থাকা সকল ক্রু সদস্য নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। পাশাপাশি পরিবেশগত কোনো বড় ধরনের ক্ষতি বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা হরমুজ প্রণালী ও আশপাশের জলপথে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছে।