
বিশ্বের আধুনিক সংবাদ সম্প্রচারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম টেড টার্নার আর নেই। তিনি ছিলেন ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচারের ধারণার পথিকৃৎ এবং বিশ্বখ্যাত সংবাদমাধ্যম CNN-এর প্রতিষ্ঠাতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সিএনএন-এর পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯৮০ সালে তিনি সিএনএন প্রতিষ্ঠা করেন, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল। এই উদ্যোগ তখন এক নতুন যুগের সূচনা করে, যেখানে দর্শকরা দিনের ২৪ ঘণ্টাই সরাসরি সংবাদ দেখতে পারতেন।
শুরুর দিকে চ্যানেলটি নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লেও খুব দ্রুতই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বিশেষ করে বড় বড় বৈশ্বিক ঘটনার লাইভ সম্প্রচারের মাধ্যমে সিএনএন আলাদা অবস্থান তৈরি করে।
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে নাসার স্পেস শাটল ‘চ্যালেঞ্জার’ বিস্ফোরণের মতো ঘটনার তাৎক্ষণিক ও ধারাবাহিক সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।
পরবর্তীতে ১৯৯০-৯১ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের লাইভ কাভারেজ সিএনএনকে আন্তর্জাতিক সংবাদ জগতে আরও শক্ত অবস্থানে নিয়ে যায়।
সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে টেড টার্নারকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা, যিনি সবসময় নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতেন। তার তৈরি ভিত্তির ওপর দাঁড়িয়েই আজ প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
বিশ্বজুড়ে সাংবাদিকতা ও সংবাদ সম্প্রচারের ইতিহাসে টেড টার্নারকে একটি যুগান্তকারী নাম হিসেবে বিবেচনা করা হয়, যিনি খবর দেখার ও উপস্থাপনের ধরনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছিলেন।