
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অ্যালুমিনিয়ামবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া ট্রাকটি মাঝপথে ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ মে) ভোররাতে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ডাকাতি হওয়া ট্রাক ও অ্যালুমিনিয়ামের মালামাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, রামপাল এলাকার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান যৌথভাবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিত্যক্ত অ্যালুমিনিয়াম কিনেছিলেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এসব মালামাল একটি ভাড়াকৃত বিআরটিসি ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।
পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে মালামাল যাচাই করেন। তামা বা অন্য কোনো অবৈধ পণ্য আছে কি না তা পরীক্ষা শেষে বৈধ কাগজপত্র নিশ্চিত হয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
এরপর রাত প্রায় ১টার দিকে ট্রাকটি পুনরায় যাত্রা শুরু করে। পরে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির পথরোধ করে। এ সময় চালক ও সঙ্গে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ পুরো মালামাল ছিনিয়ে নেয় তারা।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাক ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের মনিরুল ইসলাম আটজনের নাম উল্লেখসহ আরও ১৬ জনকে অজ্ঞাত আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে। তিনি জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।