
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দলীয় সাংগঠনিক নেতাদের নিয়ে মতবিনিময়সভায় বসছে বিএনপি। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর এ সভার মাধ্যমে আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরছে বিএনপি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মতবিনিময়সভায় বিএনপি ছাড়াও দলের তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন।
সভা প্রস্তুতি পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, সভায় দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।
মতবিনিময়সভায় সরকারের সাম্প্রতিক কার্যক্রম, গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তবায়নাধীন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
বিএনপি নেতাদের মতে, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো নেতাকর্মীদের পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করে তোলা। পাশাপাশি সংগঠন পুনর্গঠন ও রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হবে এ সভা থেকে।