
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন–এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলায় জারি করা রুল নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”
জানা যায়, সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন।
পরবর্তীতে হাইকোর্টের দেওয়া ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেন।