
হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, প্রস্তাবটির বিষয়বস্তু ও সময়—দুটিই অনুপযুক্ত এবং এটি সংকট সমাধানে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না।
শুক্রবার (১৫ মে) দেওয়া বক্তব্যে ফু কং বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আন্তরিক ও কার্যকর আলোচনায় বসতে উৎসাহিত করা। তার মতে, এমন সময় নতুন কোনো প্রস্তাব উত্থাপন উত্তেজনা আরও বাড়াতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথ জটিল করে তুলতে পারে।
চীন বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর ১৫ সদস্যের পরিষদের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে। এ অবস্থানে থেকেই চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করে জানিয়েছেন, সিদ্ধান্ত যদি পুরোপুরি বেইজিংয়ের হাতে থাকত, তাহলে এই প্রস্তাব কখনোই ভোটে তোলা হতো না।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে চীন ও রাশিয়া তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে এটি আটকে দিতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। এমন প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।
চীন বরাবরই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনাকেন্দ্রিক উদ্যোগের ওপর জোর দিয়ে আসছে। বেইজিংয়ের দাবি, সামরিক বা একতরফা রাজনৈতিক চাপের পরিবর্তে সংলাপ ও পারস্পরিক সমঝোতাই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।