
ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ভারতের সেনাপ্রধানের কঠোর বক্তব্যের জবাবে পাকিস্তানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, একটি স্বাধীন পারমাণবিক রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কোনো কৌশল নয়, বরং তা চরম দায়িত্বহীনতা ও যুদ্ধংদেহী মানসিকতার প্রকাশ।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে ভারতের সামরিক নেতৃত্বের বক্তব্যের তীব্র সমালোচনা করে। তারা জানায়, এ ধরনের উগ্র জাতীয়তাবাদী ও উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা বাড়াতে পারে।
এর আগে শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে উদ্দেশ করে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে সহায়তা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি মানচিত্রে থাকবে কি না, সেটি তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।
এই বক্তব্যের পর পাকিস্তান জানায়, কোনো রাষ্ট্রকে ভূগোল থেকে মুছে ফেলার চেষ্টা হলে তার প্রতিক্রিয়াও ভয়াবহ হতে পারে। পাকিস্তানের মতে, ভৌগোলিক ধ্বংসযজ্ঞ কখনো একতরফা হয় না এবং এর পরিণতি দুই দেশের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তপ্ত বাক্যবিনিময় অব্যাহত রয়েছে।