
ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য নতুন একটি নাটক নিয়ে আসছেন নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান। নাটকের নাম ‘পাল্লু বিল্লুর বিয়ে’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
নাটকটি প্রযোজনা করেছে সিএমভি প্রোডাকশন। এতে পাল্লু চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং বিল্লু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।
নির্মাতা জানিয়েছেন, এটি মূলত দাম্পত্য জীবনের শুরু এবং ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে তৈরি একটি ভিন্নধর্মী গল্প। নাটকে পুরান ঢাকার জীবনযাত্রা ও ভাষার ব্যবহার বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কেয়া পায়েলকে ঢাকাইয়া ভাষায় কথা বলতে দেখা যাবে, যা নাটকটির অন্যতম আকর্ষণ।
নাটকটিতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম ও বাপ্পী আশরাফসহ অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদের বিশেষ উপহার হিসেবে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। দর্শকদের জন্য এটি একটি ভিন্ন স্বাদের ঈদ বিনোদন হবে বলে আশা করা হচ্ছে।