
চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের কলকাতায় পৌঁছেছেন। শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি কলকাতার তালতলায় অবস্থিত মিশনারিজ অব চ্যারিটি’র প্রধান কেন্দ্র ‘মাদার হাউস’-এ যান। সেখানে কিছু সময় অবস্থান করার পর দুপুরের মধ্যে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় কোনো শীর্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারত সফরের অংশ হিসেবে কলকাতায় গিয়েছিলেন।
রুবিওর সফরকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এই সফর নতুন কূটনৈতিক বার্তা বহন করছে বলে বিশ্লেষকদের ধারণা। সফরের সূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই, তবে দিল্লিতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
দিল্লিতে পৌঁছে মার্কো রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তার এই সফরের শেষ পর্যায়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ‘কোয়াড’ পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন। বৈশ্বিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আঞ্চলিক কৌশলগত চ্যালেঞ্জ এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে।
রুবিও এরপর আগ্রা ও জয়পুরসহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর সফর করবেন। সফর চলাকালীন তিনি উচ্চপর্যায়ের ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন কৌশলগত ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।