প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির জোরালো আশায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এখনই কোনো চুক্তি চূড়ান্ত করতে তাড়াহুড়ো করছে না।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি বাজারে।
রোববার রাত পর্যন্ত উত্তর সাগরের ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৭ ডলারে। পরে লেনদেনের শেষদিকে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।
তেলের দামের বড় পতনের পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের নিক্কেই শেয়ার সূচক ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি শেয়ারবাজারেও সামান্য উত্থান লক্ষ্য করা গেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচকদের ধৈর্য ধরে এগোতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি লেখেন, “আমি আমার প্রতিনিধিদের জানিয়েছি, কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে। সময় এখন আমাদের পক্ষেই রয়েছে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে তেহরান বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
পরবর্তীতে গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী স্থায়ী সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একই সময়ে ইরান উপসাগরীয় নৌপথে নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর অবরুদ্ধ রেখেছে।