
প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জর্ডান জাতীয় ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে থাকায় চ্যালেঞ্জটা বেশ কঠিন হলেও দলটি নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের অংশ হিসেবে বিশ্বকাপ চলাকালীন সরকারি কর্মচারীদের দাপ্তরিক সময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে জর্ডান সরকার। প্রধানমন্ত্রী জাফর হাসানের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট ম্যাচের দিনে অফিস সকাল ১০টা থেকে শুরু হবে, যা সাধারণ সময়ের চেয়ে দেরিতে।
এই সিদ্ধান্ত অনুযায়ী ১৭, ২৩ এবং ২৮ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচগুলোর দিনে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে জর্ডানের খেলা উপলক্ষে কর্মঘণ্টা পরিবর্তন করা হয়েছে। সরকারের মতে, জাতীয় দলের এই ঐতিহাসিক অংশগ্রহণকে ঘিরে জনগণকে সমর্থন জানানোর সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এশিয়ান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ কোরিয়ার পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায় জর্ডান, যারা ‘আল-নাশামা’ নামে পরিচিত।
আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক থেকে শুরু করে ফরোয়ার্ড পর্যন্ত রয়েছে একাধিক প্রতিভাবান খেলোয়াড়। দলের আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকবেন মুসা আল-তামারি, যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিয়মিত পারফর্ম করছেন।
এই প্রথম বিশ্বমঞ্চে অংশগ্রহণ করায় জর্ডানের লক্ষ্য থাকবে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে সম্মানজনক লড়াই উপহার দেওয়া।