
বাংলাদেশের আলোচিত তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ এবার চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হতে যাচ্ছে। জন্ম থেকে দুই হাত না থাকা গাইবান্ধার আয়েশা আক্তারের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি দেশ-বিদেশে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এবং সাংবাদিক মোস্তফা মল্লিকের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ডকুমেন্টারিটি গত ১৭ মে চ্যানেল আইয়ে প্রচারের পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদনও পেয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এর প্রচারের অংশ হিসেবে চীনের ফটোগ্রাফার, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লিউ জিই (Liu Jie) তথ্যচিত্রটি চীনা ভাষায় অনুবাদ করেছেন। তিনি আয়েশার জীবনসংগ্রামকে চীনের খ্যাতনামা প্রতিবন্ধী অধিকারকর্মী ঝাং হাইদির সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন বলেও জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে চীনের সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটি এবং সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি চীনের আরও তিনটি হাই স্কুলেও এটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যচিত্রে উঠে এসেছে আয়েশা আক্তারের শৈশব থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক গল্প। ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাসের পর একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
পরবর্তীতে তিনি ‘কিংবদন্তী অ্যাওয়ার্ড’ ও আর্থিক সহায়তা পান, যার মাধ্যমে তার পরিবারের জন্য ঘর নির্মাণ সম্ভব হয়। বিভিন্ন সহায়তা নিয়ে তিনি উচ্চশিক্ষা চালিয়ে যান এবং ২০২৫ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
বর্তমানে আয়েশা গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তথ্যচিত্রটি প্রচারের পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত আয়েশাকে মাসিক ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
তথ্যচিত্রের পরিচালক মোস্তফা মল্লিক বলেন, “আয়েশার গল্প প্রমাণ করে, জীবনকে জয় করতে শারীরিক সক্ষমতা নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি।”
ইস্টার্ন ইনস্যুরেন্স ও মালিশাএডুর পৃষ্ঠপোষকতায় নির্মিত এই তথ্যচিত্রটি এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছে।