
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (ভোর ৪টা) উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা মুরগিবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের স্বজনরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।