
বর্তমান সময়ে ব্যক্তিগত যোগাযোগ, ছবি আদান-প্রদান, অডিও ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। অনেক ব্যবহারকারীই ব্যক্তিগত ও অফিসিয়াল প্রয়োজনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। তবে আলাদা ফোন ব্যবহার করা অনেকের জন্য ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এখন একই অ্যাপের মাধ্যমে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। ফলে আলাদা ডিভাইস ছাড়াই সহজে দুটি নম্বর পরিচালনা করা সম্ভব।
এই সুবিধা ব্যবহার করতে প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান দিকের উপরের তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করলে প্রোফাইল নামের পাশে একটি ড্রপডাউন মেনু দেখা যাবে।
সেখানে থাকা ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে শর্তাবলি গ্রহণের জন্য ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ বাটনে চাপ দিতে হবে। এরপর নতুন নম্বরটি প্রদান করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে হোয়াটসঅ্যাপ একটি ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি সঠিকভাবে প্রবেশ করানোর পর প্রোফাইল সেটআপ সম্পন্ন করলেই দ্বিতীয় অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে।
এরপর যেকোনো সময় সেটিংসের ড্রপডাউন মেনু থেকে সহজেই অ্যাকাউন্ট পরিবর্তন করে ব্যবহার করা যাবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা একই ফোনে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন।