প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় নিজের তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন রুচি জিন্দাল নামে এক মা। মর্মান্তিক ও ভয়াবহ এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার ছৌলি গ্রামে।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৮ জুলাই) জানিয়েছে, গত ২৮ জুন ওই শিশুটির মা তাকে হত্যা করে। এরপর স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তর কাছে ফোন দিয়ে জানান তাদের সন্তান দীর্ঘক্ষণ কান্না করার পর আর নড়াচড়া করছে না। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
ওই সময় স্ত্রীর কথা বিশ্বাস করে শিশুটিকে সমাহিত করেন কৃষ্ণ মুরারি গুপ্ত। কারণ ওইদিনই তাকে পোলিওর টিকা দেওয়া হয়। তিনি ভেবেছিলেন টিকার কারণে হয়ত তার সন্তান মারা গেছে। তবে গত সোমবার তিনি হঠাৎ করে শুনতে পান তার স্ত্রী ফোনে একজনকে শিশুটিকে হত্যার কথা বলছেন।
এরপর তার দেবর গোবিন্দ গুপ্ত ফোন চেক করে দেখেন এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলছেন ৩২ বছর বয়সী রুচি জিন্দাল।
স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানিয়েছেন, রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জিব কুমার রায় বলেছেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উত্তোলন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com