
সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সে সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করা এবং তা সমাধানের কাজ চলছিল।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা তৈরি হয়েছিল। এসব ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারেন।
এ ধরনের দুর্বলতা কাজে লাগানো হলে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
নিরাপত্তা-সংক্রান্ত কাজ শেষে রোববার সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবারও সচল হয়েছে।