
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোট জানায়, সৌদি আরব ও ইয়েমেনে হুথিদের অবকাঠামো থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা এবং এর উৎস নিষ্ক্রিয় করতেই এ অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায়, হুথিদের একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জোটের দাবি অনুযায়ী, ইয়েমেনের সম্মুখসারিতে হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল।
তবে হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।