
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।
বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির কাছে ইতিমধ্যে অনাপত্তিপত্রের আবেদন করেছেন মুস্তাফিজ। এ কারণে একই সময়ে অনুষ্ঠিতব্য ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁকে দেখা যাবে না।
ডি৩ ট্রফির নিলামে মুস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছিল সেভেন রিংস সিমেন্ট। তবে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্তের কারণে টুর্নামেন্টটির টি-টোয়েন্টি পর্বে তাঁর অংশ নেওয়া হচ্ছে না।
বিগ ব্যাশ লিগের ১৬তম আসর ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
দুই টুর্নামেন্টের সূচি প্রায় একই সময়ে হওয়ায় মুস্তাফিজকে একটি টুর্নামেন্ট বেছে নিতে হয়েছে।
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও এবারের বিগ ব্যাশে খেলবেন। তাঁকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশে অংশ নিতে তিনিও বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন।
এদিকে, ডি৩ ট্রফির নিলামে রিশাদকে ৬০ লাখ পয়েন্টে কিনেছিল ফরচুন বরিশাল। তবে বিগ ব্যাশে খেলার কারণে তাঁকেও ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে না।
বিগ ব্যাশে অভিষেক হলে বিদেশের ষষ্ঠ টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হবে মুস্তাফিজুর রহমানের। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) খেলেছেন।
অন্যদিকে, বিগ ব্যাশের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদ হোসেনের।