
রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্যের সহায়তায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে। এ সময় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি উচ্ছেদ করা দোকানগুলোর মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানটি সরাসরি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকারদের সেখানেই ব্যবসা পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।
হকারদের আগে থেকেই বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। এ বিষয়ে হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করা হয়েছে।
তবে উচ্ছেদের পর আবারও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। নিয়ম অমান্য করে কেউ দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলেও সতর্ক করেন প্রশাসক।
তিনি জানান, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান চলমান থাকবে।
অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।