
ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়্রেক্সহ্যামকে ১-০ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। শুক্রবার (৩০ অক্টোবর) ব্রামল লেনে অনুষ্ঠিত ম্যাচে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ। চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল।
প্রথমার্ধে ব্রেরেটনের করা গোলেই জয় নিশ্চিত করে ক্রিস ওয়াইল্ডারের দল। পাঁচ ম্যাচের মধ্যে এটি শেফিল্ডের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ আটের দলগুলোর সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেড। জর্ডান আয়ুর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সিডি পেকের নিচু শট সহজেই ফিরিয়ে দেন ওয়্রেক্সহ্যামের গোলরক্ষক অ্যান্থনি প্যাটারসন।
২৪ মিনিটে লুইস ও’ব্রায়েনের দুর্বল শট থেকে প্রথমবারের মতো গোলের চেষ্টা করে ওয়্রেক্সহ্যাম। এর কিছুক্ষণ পরই এগিয়ে যায় শেফিল্ড। অধিনায়ক জাফেট তাঙ্গাঙ্গার পাস থেকে বক্সে বল পান আয়ু। তাঁর নিচু শট প্যাটারসন ফিরিয়ে দিলে ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান ব্রেরেটন দিয়াজ।
প্রথমার্ধে ওয়্রেক্সহ্যাম তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু শেফিল্ডের ডিফেন্ডার লিয়াম কিচিংয়ের সময়োপযোগী ট্যাকলে অলিয়ে রাথবোনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিরতির পর কিছুটা গুছিয়ে আক্রমণে ফেরে ওয়েলশ ক্লাব ওয়্রেক্সহ্যাম। সাবেক শেফিল্ড ইউনাইটেড স্ট্রাইকার কিফার মুরের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল শেফিল্ডও। গোলরক্ষক মাইকেল কুপারের লম্বা কিক থেকে বল পেয়ে বক্সের দিকে এগিয়ে যান আয়ু। তবে তাঁকে থামাতে পেছন থেকে ছুটে এসে শেষ মুহূর্তে দুর্দান্ত ট্যাকল করেন বেন শিফ।
ম্যাচের ৮৬ মিনিটে ব্রেন্টফোর্ড থেকে ধারে আসা তরুণ উইঙ্গার রোমেল ডোনোভানকে তুলে নেন শেফিল্ড কোচ। মাঠ ছাড়ার সময় তাঁর ড্রিবলিংয়ের জন্য গ্যালারি থেকে করতালি পান তিনি।
তাঁর বদলি হিসেবে নামা টাইরিস ক্যাম্পবেল কিছুক্ষণ পর বক্সের বাইরে পেককে বল বাড়িয়ে দেন। পেকের নিচু শটও ঠেকিয়ে দেন প্যাটারসন।
যোগ করা ছয় মিনিটে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ওয়্রেক্সহ্যাম। তবে ড্যানি ইমরের কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এরপর স্যাম স্মিথের হেড সরাসরি জমা পড়ে কুপারের হাতে।
মৌসুমের প্রথম পাঁচ লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছিল শেফিল্ড ইউনাইটেড। সেই ঘাটতি পুষিয়ে নিতে সাম্প্রতিক ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি।
অন্যদিকে আক্রমণে ধার হারানো ওয়্রেক্সহ্যাম শেষ সাত লিগ ম্যাচের মধ্যে চতুর্থ হারের মুখ দেখেছে। শেষ পর্যন্ত ব্রেরেটন দিয়াজের একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।