
২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আলিম পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সারা দেশে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
জাতীয় গড় পাসের হারের তুলনায় দারুননাজাতের পাসের হার ৩৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট বেশি। প্রতিষ্ঠানটির ৪৫ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির এবারের ফলাফলের বিশেষত্ব শুধু জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সীমাবদ্ধ নয়; বিভিন্ন শাখাতেও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চারটি শাখার মধ্যে দারুননাজাত তাখসিসি শাখা ও মাদরাসা কিতাব বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
দারুননাজাত তাখসিসি শাখায় ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ শাখায় জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৬৩ শতাংশ।
অন্যদিকে, মাদরাসা কিতাব বিভাগে ৫৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৮৫ শতাংশ।
দারুননাজাত মাদরাসার মহিলা শাখায় ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে চারজন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন।
অন্যদিকে, সাধারণ বিভাগে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৮ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১৪ জন। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৫০৫ জন শিক্ষার্থী।