
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তাঁর ভাষ্য, কোনো ধরনের চাপের মুখেও এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সেনাবাহিনীর দৃঢ় প্রতিরোধ, সামরিক সক্ষমতা এবং অটল মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তব পরিস্থিতি বুঝতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র ও মিত্রদের) মেনে নিতে হবে, ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।’
নিকজাদ আরও বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তাই এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা ইরানের নেই।
তাঁর অভিযোগ, অতীতে এই ইস্যুতে আলোচনার জন্য ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার অভিযোগ করেন, আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হলেও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার কয়েকটি অংশে অবৈধভাবে বোমা হামলা চালানো হয়েছে।
নিকজাদের বক্তব্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অনড় অবস্থান এবং অতীতের আলোচনাপ্রক্রিয়া নিয়ে ইরানের অসন্তোষ উঠে এসেছে।