
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা—
ঢাকা: ৬৩২ জন
রাজশাহী: ৪১ জন
সিলেট: ১২৬ জন
চট্টগ্রাম: ২৬৪ জন
বরিশাল: ১২৯ জন
ময়মনসিংহ: ৮৯ জন
খুলনা: ৮৯ জন
রংপুর: ৫১ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৯৩৫ জনের হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।