
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। সেই হিসাবে অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার অক্টোবরে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
অক্টোবরের হিসাবসহ টানা পাঁচ মাস ধরে দেশে মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসও রয়েছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।
এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক।
বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে। সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক