
শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি হলে বাড়বে সাধারণ মানুষের জীবনমান—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শ্রমিকের ন্যায্য মজুরির লড়াইকে শুধু শ্রমিকদের আন্দোলন হিসেবে না দেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার সংগ্রাম হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। এ কারণে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে।
তবে শ্রমিকদের এই দাবির প্রতি দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, শ্রমিকের বেতন বাড়ার অর্থ শুধু একজন শ্রমিকের আয় বৃদ্ধি নয়; এর ইতিবাচক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে।
তাঁর মতে, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এতে ব্যবসা-বাণিজ্যের পরিসর সম্প্রসারিত হয় এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি তৈরি হয়।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি।
‘শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।’