
হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তাঁর দাবি, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। এর জবাবেই পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
সোমবার (২ নভেম্বর) ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের পর এ হামলার ঘটনা ঘটে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। তাদের লক্ষ্য করেই হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী।
তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি ওই কর্মকর্তা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলাকে বড় ধরনের যুদ্ধ শুরুর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে না। বরং এটি সীমিত পরিসরের সামরিক অভিযান।
তবে এ হামলার পর হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্টরা।