
রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা রাজধানীর শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। দুর্ঘটনায় জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।