
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই বিরোধী ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে পিছিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা।
এরই মধ্যে গুরুত্বপূর্ণ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। তিনি রিপাবলিকান প্রার্থী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক কলিন্সকে পরাজিত করেছেন। মধ্যবর্তী নির্বাচনে আলোচিত লড়াইগুলোর মধ্যে এই আসনটি অন্যতম ছিল।
সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে ওহাইও এবং সাউথ ক্যারোলাইনায় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে।
নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণনায় সিনেটের ৩৫টি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। অন্যদিকে ১৪টি আসনে এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা।
সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ৩৫টিতে ভোট হয়েছে। ফলে এসব আসনের ফলাফল চূড়ান্ত হলে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা স্পষ্ট হবে।
মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত গণনায় ৪৩টি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। বিপরীতে ৩১টি আসনে এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা।
বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে রয়েছে। এই নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের লড়াইয়ের পাশাপাশি দুই কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছেন ডেমোক্র্যাটরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিনেটে নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি এবং প্রতিনিধি পরিষদে তিনটি আসন বাড়াতে হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে।