
পবিত্র মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় বলে জানিয়েছেন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি।
তিনি জানান, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছিল বলে জানান তিনি। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ।
এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অল্প সময়ের জন্য সতর্কতা জারি করেছিল। ওই সতর্কতার পর ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর সামনে আসে।
এদিকে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দেশটির বিভিন্ন অঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের খবর জানানো হয়েছে।