
চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হয়েছে আরও তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওগান-৫১ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
উৎক্ষেপণের পর স্যাটেলাইট তিনটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে এগুলো ব্যবহার করা হবে।
এই উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনের লং মার্চ সিরিজের রকেটের ৬৭৫তম মিশন সম্পন্ন হলো।
এর আগে গত ২৫ অক্টোবর চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের একটি বহর উৎক্ষেপণ করা হয়। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম মিশন।
সর্বশেষ উৎক্ষেপণের মাধ্যমে লং মার্চ রকেট সিরিজের মিশনের সংখ্যা আরও এক ধাপ এগিয়ে ৬৭৫-এ পৌঁছাল।