
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। ৫৪তম আসরে পুরস্কার উপস্থাপনা করবেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পাচ্ছেন এই তারকা।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার ৫ নভেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হলিউড অভিনেতা মাইকেল ইউরি। আন্তর্জাতিক এমি কর্তৃপক্ষও ৫ নভেম্বর তাঁর নাম ঘোষণা করেছে।
৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে ভারতের দুটি মনোনয়ন রয়েছে।
সনিলিভের সিরিজ ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ মনোনীত হয়েছে সেরা নাট্যধারাবাহিক বিভাগে। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বীর দাসের কমেডি অনুষ্ঠান ‘ফুল ভলিউম’ প্রতিদ্বন্দ্বিতা করবে সেরা কমেডি বিভাগে।
এর আগে ২০২৪ সালে ৫২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের উপস্থাপক হয়েছিলেন বীর দাস। এবার পুরস্কার উপস্থাপনার দায়িত্ব পেয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব আরও বাড়াচ্ছেন বিজয় সেতুপতি।
অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই দক্ষিণী তারকা। সামনে তাঁকে দেখা যাবে মাইস্কিনের ‘ট্রেন’, মণি রত্নমের ‘ইঞ্জি ভেল্লাম’ এবং ‘পকেট নভেল’ সিনেমায়।
আন্তর্জাতিক এমির মঞ্চে তাঁর এই নতুন দায়িত্বের মধ্য দিয়ে ভারতীয় বিনোদন অঙ্গনের আন্তর্জাতিক উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।