
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রেজাই। মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিশেষ বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। তবে ওই বার্তায় কী বলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, বৈঠকে মহসেন রেজাই দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন। তবে বার্তার বিষয়বস্তু গোপন রাখা হয়েছে।
রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দেশ দুটির মধ্যে সহযোগিতা রয়েছে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় মস্কোর সাম্প্রতিক তৎপরতা দুই দেশের সম্পর্কের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
এমন আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার বিশেষ বার্তা নিয়ে মহসেন রেজাইয়ের মস্কো সফর এবং পুতিনের সঙ্গে তাঁর বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাশিয়া ও ইরানের পারস্পরিক কৌশলগত স্বার্থ এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে খামেনির পাঠানো বার্তার প্রকৃত উদ্দেশ্য ও বিষয়বস্তু প্রকাশ না হওয়া পর্যন্ত বৈঠকের সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।