
ভারতের পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সরাই বানজারা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
ঘটনার ভিডিওতে ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা কাজ করেন।
প্রতিবেদন অনুযায়ী, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে। গ্রামসংলগ্ন এই স্টেশনটি রাজপুরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের পর এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।