
সিলেটের কোম্পানীগঞ্জে একটি অনুষ্ঠান শেষে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে দ্রুত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছেন তিনি।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের সাদাপাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হওয়ার সময় অসুস্থতা অনুভব করেন।
পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক এবং নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে তাঁকে আর কত দিন বা কত সময় হাসপাতালে থাকতে হতে পারে, সে বিষয়ে ঘনিষ্ঠ সূত্রটি কোনো তথ্য জানাতে পারেনি।