প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফিয়ে ঢুকে পড়েন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভারতের দিল্লিতে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি মূলত ২০১৯ সালের।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ২০১৯ সালের ১৭ অক্টোবরের একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক সিংহের খাঁচার ভেতরে লাফিয়ে পড়ে সিংহটির সঙ্গে পোষা কুকুর বা বিড়ালের মতো আচরণ করতে শুরু করেন।
সৌভাগ্যবশত, পুরো সময়জুড়ে ওই ‘খেলাধুলার মুহূর্তে’ সিংহটি তাকে আঘাত করেনি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীটিকে অচেতন করার পর ঘটনাস্থল থেকে লোকটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
দিল্লি চিড়িয়াখানার সূত্র জানায়, বিহারের চম্পারণ জেলার বাসিন্দা রেহান খান নামের ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। চিড়িয়াখানার কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্কের জনসংযোগ কর্মকর্তা রিয়াজ আহমেদ খান ঘটনার পর এএনআইকে বলেছিলেন, রেহান খান সিংহের খাঁচায় লাফিয়ে পড়েন, প্রহরীরা তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু তিনি বারবার বলতে থাকেন, আমি মরতে এসেছি, আমাকে বাঁচানোর চেষ্টা করো না।
তিনি বলেন, আমরা সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই, তাকে একটি সিঁড়ি দেওয়া হয়েছিল কিন্তু তিনি শুনলেন না। পরে আমরা সিংহটিকে অচেতন করে তাকে উদ্ধার করি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com