প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
অসুস্থতার জন্য ছুটি চাওয়ার ১০ মিনিট পরেই মৃত্যু

মাত্র ৪০ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শঙ্কর নামের এক ব্যক্তি। মৃত্যুর মাত্র ১০ মিনিট আগে তিনি অফিসে অসুস্থতার কারণে ছুটি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বার্তা পাঠিয়েছিলেন। ভারতের তামিলনাড়ুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শঙ্কর ছয় বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির ম্যানেজার কে ভি আইয়ার জানান, শঙ্কর ছিলেন সুস্থ-সবল, ধূমপান বা মদ্যপান করতেন না। বিবাহিত শঙ্করের একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার দিন স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে শঙ্কর ম্যানেজারকে মেসেজ পাঠান, স্যার, তীব্র পিঠের ব্যথার কারণে আজ আসতে পারব না। অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করুন। আইয়ার তাকে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাত্র ১০ মিনিট পরেই হঠাৎ হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েন শঙ্কর। বেলা ১১টার দিকে তার মৃত্যুর খবর পৌঁছায় অফিসে।
আইয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন মানুষ পুরোপুরি সচেতন অবস্থায় মৃত্যুর মাত্র ১০ মিনিট আগে আমাকে মেসেজ দিয়েছে। আমি ভেঙে পড়েছি। জীবন সত্যিই অনিশ্চিত।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পিঠে ব্যথা, ক্লান্তি, বমিভাব বা ঘাম এসব উপসর্গ হৃদরোগের প্রাথমিক সংকেত হতে পারে, যা অনেক সময় হজমের সমস্যা বা মাংসপেশির ব্যথা ভেবে অবহেলা করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর প্রথম ৬০-৯০ মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা পেলে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই অস্বাভাবিক শারীরিক উপসর্গকে গুরুত্ব দিয়ে সচেতন হওয়ার ওপর জোর দিয়েছেন তারা।
অনেকে সতর্ক করে বলেছেন, কোভিড-পরবর্তী সময়ে ৩৫-৪৫ বছর বয়সীদের মধ্যেও হঠাৎ হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। সরকারের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com