প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে যুক্তরাজ্যের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, কিয়ার স্টারমারের প্রশাসন বিকেলের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে।
এর আগে গত জুলাইয়ে স্টারমার সরকার জানিয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। তখনই জানানো হয়েছিল, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেপ্টেম্বরেই।
যুক্তরাজ্যের অবস্থান ছিল- ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদে টেকসই শান্তির পথে এগোয় না, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে।
লন্ডনের এ সিদ্ধান্তে কড়া সমালোচনা এসেছে তেল আবিব থেকে। সমালোচনায় যোগ দিয়েছেন গাজায় আটক ইসরায়েলিদের পরিবার ও একাধিক রক্ষণশীল রাজনীতিক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিলেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে।
শুধু যুক্তরাজ্য নয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। ইতোমধ্যে দেশগুলো সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com