
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা জনজীবন ও নৌ-চলাচলে প্রভাব ফেলতে পারে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের অন্যান্য জেলা ও অঞ্চলেও বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বজ্রপাত ও হঠাৎ দমকা হাওয়ার সময় খোলা স্থানে না থাকার এবং নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখার গুরুত্বারোপ করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।