
নথিবিহীন অভিবাসীদের জন্য বড় ধরনের ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি চালু করেছে স্পেন সরকার। এর আওতায় দেশটিতে বসবাসরত প্রায় পাঁচ লাখ অভিবাসী, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন, বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করা নথিবিহীন অভিবাসীরা আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। তবে ইউরোপজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে সংবেদনশীল ও বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা শুরু করেছে। এমনকি প্রশাসনের ভেতর থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে—এত বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়াজাত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
অভিবাসন আইন সংশোধনের জন্য একটি ডিক্রি জারির মাধ্যমে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের পথ তৈরি করা হয়েছে। এর ফলে দীর্ঘ আইন প্রণয়ন প্রক্রিয়া এড়িয়ে যেতে পেরেছে সরকার। এর আগে একই বিষয়ে একটি বিল সংসদে পাস করানোর চেষ্টা সফল হয়নি।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে স্পেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অভিবাসন নীতিতে ভিন্নধর্মী ও মানবিক অবস্থান নিয়েছে।