
লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়ন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এর মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য তিনি একাধিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি। তার দাবি, রাজনৈতিক প্রভাব ও সিদ্ধান্তের কারণে তার এলাকায় উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং তাকে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করা হয়নি।
এর জবাবে এমপি শাহাদাত হোসেন সেলিম একটি দীর্ঘ পোস্টে বলেন, তিনি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমকে আগে তেমনভাবে চিনতেন না। তবে তার পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেলিম দাবি করেন, একাধিক সুযোগ থাকা সত্ত্বেও মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেননি।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি দায়িত্বে থাকাকালীন সময়েও এলাকায় উন্নয়নের অগ্রগতি হয়নি এবং বিষয়টি অজুহাত দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তার ভাষায়, বাস্তব উন্নয়নের পরিবর্তে কেবল কথাবার্তাই বেশি শোনা গেছে।
অন্যদিকে মাহফুজ আলম তার পোস্টে আরও বলেন, তিনি দায়িত্বে থাকাকালে বিভিন্ন সময় ডিও লেটারসহ সহযোগিতা চাইলেও রাজনৈতিক চাপের কারণে তা পাননি। তিনি দাবি করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের কারণে তাকে ও তার এলাকার উন্নয়নকে উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে, যা নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিতভাবে কথা বলার ইঙ্গিত দেন তিনি।