অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩১ অক্টোবর লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

৩১ অক্টোবর লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

যেসব দাবিতে লংমার্চ

মামুনুল হক জানান, নাগরিক জীবনের সংকট নিরসন এবং জনগণের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর আগে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় ৩১ অক্টোবর তৃতীয় ধাপে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ আয়োজন করা হচ্ছে।

কর্মসূচির দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • গণভোটের গণরায় বাস্তবায়ন

  • জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা ও শরীফ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার

  • বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন

  • নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ

  • দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ বন্ধ

  • বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা

বায়তুল মোকাররম থেকে শুরু হবে কর্মসূচি

মামুনুল হক জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর এটি কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগের দুটি লংমার্চের মতো এবারও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হবে।

লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিতে বাধা বা অপতৎপরতা সৃষ্টি না করার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে কোনো পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করে কর্মসূচি সফল করার হুঁশিয়ারিও দেন তিনি।

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা

মামুনুল হক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ১১ দলীয় ঐক্য এখন পর্যন্ত সহনশীল কর্মসূচি পালন করছে। সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

তবে সরকারের আচরণে বিরোধী দলের সহযোগিতা গ্রহণের আন্তরিকতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ১১ দলীয় ঐক্যের উদ্বেগ রয়েছে বলে জানান মামুনুল হক।

নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে ১১ দলীয় ঐক্য নীরব থাকবে না; প্রয়োজনে কমিশনের বিরুদ্ধে বড় কর্মসূচি দেওয়া হবে।

আইজিপির বক্তব্য ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে সমালোচনা

পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। বিষয়টি নিয়ে দেশবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফর নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় ঐক্যের এই নেতা। তাঁর অভিযোগ, সফরে অন্তর্ভুক্ত কয়েকজনের রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের উপযুক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ সফরকে বিনোদনমূলক সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে।

গোপালগঞ্জে লংমার্চ নিয়ে যা বললেন মামুনুল হক

লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, তাঁরা এ ধরনের পরিস্থিতির আশঙ্কা করছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে কর্মসূচি স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

তবে গোপালগঞ্জে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপতৎপরতা দেখা দিলে তা মোকাবিলায় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রস্তুত থাকবেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

লংমার্চের সমাবেশের স্থান নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মামুনুল হক। কয়েকটি স্থানের সুযোগ-সুবিধা, প্রবেশপথ ও স্থানসংকুলান বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ষড়যন্ত্রের অংশ নয় ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মামুনুল হক বলেন, যারা অভিযোগ করছেন, তারাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

তিনি দাবি করেন, ১১ দলীয় ঐক্য কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের অংশ নয়। রাষ্ট্র সংস্কার, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, আধিপত্যবাদ মোকাবিলা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণের লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

সংসদের আসন্ন চতুর্থ অধিবেশনের আগে আবারও বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ৩১ অক্টোবরের লংমার্চে সর্বস্তরের নাগরিক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন যাঁরা

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও এবি পার্টির শীর্ষ নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে নয়, মাঠেই হবে লড়াই

1

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

2

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

3

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তরা

4

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার

5

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

6

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

7

বিশ্বের ৭২ দেশের কারাগারে ২১ হাজারের বেশি পাকিস্তানি

8

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

10

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

11

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

12

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

13

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

14

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

15

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

16

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

17

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

18

সামান্য জমি দখলও ভয়াবহ অপরাধ, ইসলামে কী শাস্তি

19

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

20