ভারতের উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সুলতানপুরের আদালতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে রাহুল গান্ধী অক্ষত রয়েছেন এবং তাঁর গাড়িতে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
লখনউ বিমানবন্দর থেকে সড়কপথে সুলতানপুরে যাওয়ার সময় হালিয়াপুর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বহরের সামনের একটি গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা গাড়িগুলো পরপর ধাক্কা খায়।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বহরটি আবার যাত্রা শুরু করে।
রাহুল গান্ধীর সুলতানপুর সফরের মূল উদ্দেশ্য ছিল ২০১৮ সালের একটি মানহানির মামলায় আদালতে হাজির হওয়া। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে এক সমাবেশে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
সোমবার সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীকে ওই মামলা থেকে খালাস দেন। আদালতের সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চলা মামলাটির নিষ্পত্তি হয়।
মন্তব্য করুন